নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে আ. লীগের ভরাডুবি হবে: ফখরুল
-
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে কথা সরকার শুনছেও না, সে কথায় তারা যেতেও চান না। তারা জানেন যে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে তা হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না।"
আজ (শনিবার) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপির রূপরেখা যথাসময়ে জানানো হবে উল্লখে করে মির্জা ফখরুল বলেন, "আমরা বার বার বলেছি, নির্বাচনকালীন সময়ে আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। কারণ তাদের অধীনে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না।"
বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেছেন, "চলতি বছর শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করবে।"
মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হলো সরকার প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, গুম করছে, খুন করছে। আমাদের নেত্রীকে প্রতিদিন আদালতে যেতে বাধ্য করছে। আমরা এ সরকার চাই না। সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে গণতন্ত্রবিরোধী সরকারকে বাধ্য করতে হবে।
এ আগে গতকাল রাজধানীতে এ আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশংকা প্রকাশ করে বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি ‘ভয়াবহ হবে’। তাই সেরকম পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও সক্রিয় হতে বলেছেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির ঐক্যের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “২১ বছর ক্ষমতার বাইরে থাকায় আমাদের অর্জিত অনেক কিছু বর্জিত হয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। বিভীষিকায় হারিয়ে যেতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনা পাকিস্তানের দিকে ধাবিত হবে।”#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০