সোহেলকে পুলিশ ধরে নিয়ে গেছে- রিজভী: আইনশৃঙ্খলা বাহিনীর অস্বীকার
-
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেলকে ঢাকার মালিবাগের একটি বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সিনিয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আইনশৃঙ্খলা বাহিনী সোহেলকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে।
আজ (মঙ্গলবার) ভোররাতে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করছেন রিজভী। তিনি বলেন, “আমাকে ভোরে হাবিব-উন-নবীর পরিবার থেকে জানানো হয়েছে যে তাঁকে আটক করা হয়েছে। সোহেল কোথায় আছেন কী অবস্থায় তাকে রাখা হয়েছে আমরা কিছু জানি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
গত ৩০ জানুয়ারি হাইকোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল। সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন। সিলেটে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। আর ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে রিজভীর দাবি।
তবে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার এবং র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিএনপি নেতা সোহেলকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন।
গতকাল খালেদা জিয়া সিলেট সফরে যাওয়ার পথে তাঁকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় গুলির ঘটনাও ঘটে। আটকও করা হয় বেশ কয়েকজনকে। কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির আট নেতাকর্মীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তারের পর রাত ১১টার পরে তাঁদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এছাড়া, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ও অ্যাডভোকেট মাইনুদ্দীন রেজাকেও গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬