মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে আদালতের রায়ের হুবহু মিল রয়েছে: বিএনপির দাবি
https://parstoday.ir/bn/news/bangladesh-i52721-মন্ত্রীদের_বক্তব্যের_সঙ্গে_আদালতের_রায়ের_হুবহু_মিল_রয়েছে_বিএনপির_দাবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের সঙ্গে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতের রায়ের হুবহু মিল রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ০৯:৪৭ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের সঙ্গে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতের রায়ের হুবহু মিল রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, “জিয়া অরফানেজ ট্রাস্টে কথিত দুর্নীতি মামলায় দেশের প্রধান বিরোধীদলের নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গতকাল বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড দিয়েছে সরকারের বিশেষ একটি আদালত। এ মামলায় খালেদা জিয়ার জেল হবে, তাঁকে কারাগারে যেতে হবেই এমন কথা সরকারের মন্ত্রী-এমপি ও সরকারদলীয় নেতারা বিগত দুই বছর ধরেই বলে আসছেন। গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার পরও দেখা গেছে, সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যের সঙ্গে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতের রায়ের হুবহু মিল রয়েছে।”

খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন সংগঠন।” 

এই গাড়িতেই কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে

তিনি অভিযোগ করেন, “সরকার প্রধান সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে কেবলমাত্র আদালতকে ব্যবহার করে নয়, সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। কারাবন্দী করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অবিসংবাদিত নেত্রী বেগম জিয়াকে। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন প্রধানমন্ত্রী।” 

সাংবাদিকদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, “আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে সারাদেশের মানুষকে জিম্মি করে, গ্রেফতার করে নির্যাতন করে গুলি চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় দাম্ভিকতার সহিত বলেছেন- ‘কোথায় আজ খালেদা জিয়া’। তাঁর এই বক্তব্যে মনে হয়েছে-বেগম জিয়াকে কারাগারে ঢুকিয়ে তিনি আত্মতৃপ্তি পেয়েছেন। তাঁর বক্তব্যে উল্লাসের সুর ধ্বণিত হয়েছে। প্রতিহিংসার বিচারে সারাদেশ যখন বিষন্ন বেদনায় মুষড়ে পড়েছে তখন প্রধানমন্ত্রীর উল্লাসে সুষ্পষ্টভাবে প্রমানিত হয়-বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে সেটি ফরমায়েশি রায়।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রিজভী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণি পার করতেই শেখ হাসিনা বেগম জিয়া, তার পরিবার ও বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রতিহিংসার জাল ছড়িয়ে দিয়েছেন। কিন্তু যত জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন করেন না কেন বাংলাদেশের জনগণের কাছে আপনার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। কোনো ফর্মুলাতেই আপনার মসনদ রক্ষা করতে পারবেন না। সারাদেশের মানুষ আজ জেগে ওঠেছে। দেখেননি চারিদিকে আওয়ামী লীগের সশস্ত্র মহড়া, পুলিশের গুলি, ব্যারিকেড, তাণ্ডব উপেক্ষা করে গতকাল রাজধানীবাসী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দিয়েছিল। জনগণের প্রতিরোধেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবেন।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত কয়েকদিন ধরে দেশজুড়ে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করে গুলি চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার ৭০০ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি দলের পক্ষ থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। তিনি এখন ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আর ৫ আসামির ১০ বছর করে কারাদণ্ড হয়। গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে উল্লেখ করা হয়েছে।#

 পার্সটুডে/আশরাফুর রহমান/৯