‘অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বেগম খালেদা জিয়া আজ পরিত্যক্ত জেলখানার চার দেয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাকে একটি মিথ্যা মামলায় বিনা দোষে কারাবন্দি করা হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।”
আজ (রোববার) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতি বছর দলের চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি দিলেও এবার কারাবন্দি থাকায় তার অনুপস্থিতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতারে কূটনীতিকদের স্বাগত জানান।
তিনি বলেন, 'আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের পক্ষ থেকে আপনাদেরকে (কূটনৈতিকবৃন্দ) রমজানের ইফতারে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত যে, আজকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আপনারা উপলব্ধি করছেন। তিনি পরিত্যক্ত জেলখানার চার দেয়ালের মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তিনি সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।'
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজ বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেওয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাঁকে একটি মিথ্যা বানোয়াট মামলায় বিনাদোষে কারাবন্দি হয়ে সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হতে হচ্ছে।’
দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘বৈশ্বিক যুগে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের উদ্বেগ আমরা আমাদের বিদেশী বন্ধুদের সাথে শেয়ার করছি। তবে আমরা বুঝি যে, আমাদের যে সংগ্রাম সেটা আমাদের নিজেদেরকেই সামনে দিকে এগিয়ে নিতে হবে।’
ইফতার অনুষ্ঠানে কূটনীতিক কোরের ডিন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত ঝাং জুও, সোদি আরবের উপ-রাষ্ট্রদূত আমীর বিন ওমর বিন সালেম, ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ রামাদান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, নেদারল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, নরওয়ে, পাকিস্তান, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন, ভিয়েতনাম, ফ্রান্স, মালদ্বীপ, আফগানিস্তান, ভুটান, ইরান, মরক্কো, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগী সংস্থার কূটনীতিকরা ইফতারে অংশ নেন।
ইফতারের আগে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশে অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০