ভারতকে সব কিছু উজাড় করে দিয়ে বাংলাদেশ কিছুই পায়নি: রিজভী
-
বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
ভারতকে বর্তমান আওয়ামী লীগ সরকার সব কিছু উজাড় করে দিলেও বাংলাদেশ কিছুই পায়নি- এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, সরকারি অর্থ ব্যয় করে ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছে আকুতি জানাতে সেখানে সফর করেছেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সার্বভৌমত্বকে দুর্বল করে ট্রানজিটসহ ভারতকে সব কিছু উজাড় করে দিয়েছে সরকার। কিন্তু বিনিময়ে কিছুই পায়নি বাংলাদেশ। তবে প্রতিদান হিসেবে ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমন খবর দিয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। নিজ দেশের জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন মুরুব্বিদের কাছে দেন-দরবার শুরু করেছেন। কারণ শেখ হাসিনা বুঝতে পেরেছেন দুঃশাসনের জবাব দিতে জনগণ প্রস্তুত হয়ে আছে। তার বিদায় ঘণ্টা বেজে গেছে। গণতন্ত্র হত্যা করে, দেশের বিচার বিভাগকে ধ্বংস করে, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে বন্দুকের জোরে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না।
রিজভী আরও বলেন, বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে। অবশ্যই সেটি হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় নির্বাচন হবে না। তার নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।
নির্বাচন কমিশনেরও সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সরকারের হুকুমে সিটি নির্বাচনে এমপিদের প্রচারণায় সুযোগ করে দিতে আইন করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে। নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ইসির সাংবিধানিক দায়িত্ব অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা। কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। বর্তমান ইসির পুরো আচরণ এখন প্রশ্নবিদ্ধ।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭