বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা
-
সংবর্ধনা অনুষ্ঠানে ট্রফি হাতে প্রমীলা ক্রিকেটারদের উল্লাস
এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।
আজ (সোমবার) সন্ধ্যা ছয়টায় হযরত ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সালমা-রুমানারা। বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি চলে যান রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানেই তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। বিসিবির পক্ষে পুরো দলকে এই পুরস্কার দেয়া হবে। তবে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে। এছাড়া যারা ভালো করেছে তারা বাড়তি টাকা পাবে। পারফরম্যান্সের ভিত্তিতে এই টাকা পুরস্কার দেয়া হবে। আর দলের স্পন্সর রবি প্রত্যেক খেলোয়াড়কে একটি করে আইফোন ৬ পুরস্কার দিচ্ছে।
সংবর্ধনা দেওয়ার সময় বোর্ড প্রধান বলেন, ‘ছেলেদের ক্রিকেট যদি দেখেন আমাদের মনে অনেক দুঃখ। আমরা শেষ বলে গিয়ে বারবার হারি। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলাটা আমরা চিন্তাই করিনি হারবে, কিছুদিন আগে নিদহাস ট্রফিতে ওই ম্যাচ হেরে যাব চিন্তাই করতে পারিনি। এত কাছে গিয়ে হার। এবং সর্বশেষ আফগানিস্তানের শেষ ম্যাচটা জিততে পারব না মনেই হয়নি। শেষ বলে আমরা পারছিলাম না। আমাদের ধারণা সেই দিন এখনো ঘুচে যাবে। মেয়েরাই আমাদের পথ দেখিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আমাদের ছেলের ফলটাও সামনে অনেক ভালো হবে।’
রোববার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ। কুয়ালালামপুরে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাব দিতে গিয়ে ম্যাচ গড়ায় ইনিংসের শেষ বল পর্যন্ত। শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২ রান। কৃষ্ণামূর্তির বলটি লেগসাইডে ঠেলে দিয়ে ২ রানই পূর্ণ করেন নতুন ব্যাটসম্যান জাহানারা আলম। ৩ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। এ অবিস্মরণীয় জয়ে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১১