হাতের মুঠোয় থাকা জয় ওয়েস্ট ইন্ডিজকে 'উপহার' দিল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i60346-হাতের_মুঠোয়_থাকা_জয়_ওয়েস্ট_ইন্ডিজকে_'উপহার'_দিল_বাংলাদেশ
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র তিন রানে হেরে গেল বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২৬, ২০১৮ ০৫:০৭ Asia/Dhaka
  • হাতের মুঠোয় থাকা জয় ওয়েস্ট ইন্ডিজকে 'উপহার' দিল বাংলাদেশ

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র তিন রানে হেরে গেল বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানায় বুধবার শিমরন হেটমায়ারের অসাধারণ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ২৭১ রান। জয় নাগালে পেয়েও বাংলাদেশ শেষ পর্যন্ত থমকে গেছে ২৬৮ রানে। গায়ানার ‘লোকাল হিরো’ হেটমায়ার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ৯৩ বলে ১২৫ রান। 

প্রথম ওয়ানডের মতো এদিনও টস জিতেছিলেন মাশরাফি মর্তুজা। তবে দিবা-রাত্রির ম্যাচে আগে নিয়েছিলেন ফিল্ডিং। বোলিং ঠিকঠাক হলেও সেই ফিল্ডিংই হয়নি জুতসই। হাত ফসকে বেরিয়েছে একাধিক ক্যাচ। তার সুবিধা নিয়ে শক্ত চ্যালেঞ্জ দাঁড় করাতে পেরেছেন হেটমায়াররা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হেটমায়ার

এদিনও শুরুটা মনমতো এনে দেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচের মতো ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক ২৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দেখেশুনে ব্যাট করার চেষ্টায় ছিলেন ক্রিস গেইল। যদিও গেইল সেটা ধরে রাখতে পারেননি বেশিক্ষণ। ৩৮ বলে এক ছয় আর তিন চারে ২৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

দুই নম্বরে ব্যাট করতে আসা শাই হোপ ৪৩ বলে ২৫ রান করে বিদায় হন সাকিবের বলে। রুবেলের করা ২৪তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ১২ রান করে জেসন মোহাম্মদ।

এরপর রভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার মিলে করেন ১০৩ রানের জুটি। তবে অর্ধশতক হাঁকানোর ৬ রান আগেই রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন পাওয়েল। কিন্তু দিনটা হেটমায়ারের। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই বাম-হাতি ব্যাটাসম্যানের ৭৯ রানের সময় ক্যাচ ফেলে দেন সাকিব। এরপর ৮৪ বলে চার ছয় আর তিন চারে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

শতক হাঁকিয়েই যেন দ্বিগুণ জ্বলে উঠলেন ২১ বছর বয়সী এই তরুণ। রুবেলের এক ওভারে দুই ছয়ে নেন ২২ রান। ইনিংসে শেষ ওভারে মুস্তাফিজকে এক ছয় হাঁকিয়ে ৯৩ বলে ১২৫ রান করে তবেই বিদায় হন এই সেঞ্চুরিয়ান।

টাইগারদের হয়ে রুবেল হোসেন নেন সর্বোচ্চ ৩ উইকেট ৬৬ রান দিয়ে। মুস্তাফিজ আর সাকিব নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মাশরাফি ও মিরাজ।

সাকিব-তামিমের ৯৭ রানের জুটি গড়েন

২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতে ছোট ঝড় তোলেন আগের ম্যাচে রান না পাওয়া এনামুল হক বিজয়। ৯ বলে ২ ছক্কা ও ২ চারে ২৩ রান করে জোসেফের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। 

দলীয় ৩২ রানে ওপেনার এনামুল হকের উইকেট হারিয়ে বসলেও দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ দৃঢ়তা দেখান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনে ৯৭ রানের জুটি গড়ে দলকে দারুণ ভিত গড়ে দেন।

সাকিব-তামিমের পর হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আউট হবার পর বস্তুত চাপে পড়ে যায় বাংলাদেশ। আস্তে আস্তে সেই চাপ থেকে দলকে টেনে তুলতে থাকেন তারা। ৮৭ রানের মুল্যবান জুটি গড়ার পর ৫১ বলে ৩৯ রান করে আউট হন রিয়াদ।

রিয়াদ আউট হবার পরপরই ৫৬ বলে ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। শেষ ১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। মুশফিকের সঙ্গে উইকেটে ছিলেন সাব্বির। ৪৮তম ওভারে আসে ১৩ রান। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে ১১ বলে ১২ রান করে আউট হয়ে যান সাব্বির।

রভম্যান পাওয়েল ও শিমরন হেটমায়ার মিলে করেন ১০৩ রানের জুটি

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বলেই হোল্ডারের বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ও তৃতীয় বলে মোসাদ্দেককে দিয়ে ডট আদায় করে নেন হোল্ডার।চতুর্থ বলে দুই রান তুলে নেন মোসাদ্দেক। পঞ্চম বলে এক রান নিয়ে মাশরাফিকে স্ট্রাইকে দেন মোসাদ্দেক। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন পড়ে পাঁচ রানের কিন্তু মাশরাফিকে এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এতে করে বাংলাদেশ তিন রানে পরাজয়বরণ করে। 

ক্যারিবীয়দের হয়ে জোসেফ, হোল্ডার, নার্স, পাওল, বিশু সকলেই একটি করে উইকেট লাভ করেন। অনবদ্য সেঞ্চুরির কল্যাণে সিমরন হেটমায়ার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

আগামী ২৮ জুলাই সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬