মানিকগঞ্জে এবারও তাজিয়া মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন
https://parstoday.ir/bn/news/bangladesh-i64372-মানিকগঞ্জে_এবারও_তাজিয়া_মিছিল_করার_অনুমতি_দেয়নি_পুলিশ_প্রশাসন
পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শহরে এবছরও তাজিয়া মিছিল করার অনুমতি দেয়নি জেলা পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়া থেকে বিগত প্রায় এক শ’ বছর ধরে প্রতি মহররমে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল আয়োজন করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১০:৩৬ Asia/Dhaka

পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শহরে এবছরও তাজিয়া মিছিল করার অনুমতি দেয়নি জেলা পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়া থেকে বিগত প্রায় এক শ’ বছর ধরে প্রতি মহররমে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল আয়োজন করা হয়।

দাবি করা হয়- গড়পাড়া ইমামবাড়া থেকে সংগঠিত তাজিয়া মিছিলটি বাংলাদেশের সর্ববৃহৎ তাজিয়া মিছিল। বিপুল অংশগ্রহণ ছাড়াও গড়পাড়ার তাজিয়া মিছিলটি দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ রাস্তার দু’ধারে জড়ো হয়ে থাকে।

এবছর আশুরা পালন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে গড়পাড়া ইমামবাড়াতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ইমামবাড়ার পীর এবং বাংলাদেশ পাক পাঞ্জাতন অনুসারী পরিষদের সভাপতি শাহ মোখলেসুর  রহমান জানিয়েছেন, ১৯২৪ সাল থেকে গড়পাড়া ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়ে জেলার প্রধান শহর প্রদক্ষিন করে স্থানীয় দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হতো। তবে গত তিন বছর ধরে পুলিশ অনুমতি না দেবার ফলে তাজিয়া মিছিলটি শহর প্রদক্ষিণ না করেই সরাসরি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ করতে হচ্ছে।

উল্লেখ্য, মহরমের প্রথম দিন মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়া থেকে ২৮টি কাসেদের দল ফরিদপুর, রাজবাড়ি, নাটোরসহ দেশের বিভিন্ন জেলায় গিয়ে মহররমের তাৎপর্য তুলে ধরে জারি, মার্সিয়া পরিবেশনসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন। পবিত্র আশুরার দিন ইমামবাড়াতে আবার ফিরে আসে কাসেদের দল গুলো। এরপর দুপুর থেকে শুরু হয় তাজিয়া মিছিলের প্রস্ততি। বিকেলে তাজিয়া তাবুত, সিপার, দুলদুল আর কারবালার স্মৃতিবহনকারী হাজার হাজার লাল-সবুজ আর কালো নিশান নিয়ে মিছিলে অংশগ্রহণকারী হাজারো মানুষের কণ্ঠে উচ্চারিত মাতম ওঠে -  'হায় হোসেন…হায় হোসেন'।

গড়পাড়া ইমামবাড়ার তাজিয়া মিছিল (ফাইল ফটো)

দীর্ঘ বছরের ঐতিহ্য অনুসরণ করে গড়পাড়া তাজিয়া মিছিলটি মানিকগঞ্জ শহর প্রদক্ষিণের অনুমতি কামনা করে ইমামবাড়ার সদস্য তাজিনুর রহমান বলেছেন, গত ৯৪ বছরে এখানকার তাজিয়া মিছিলে কোন ধরনের সংঘাত সহিংসতা ঘটে নি। তাছাড়া তাদের মিছিলে কোনোরকম ধারালো অস্ত্র-শস্ত্রও বহন করা হয় না।

এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার রিফাত রহমান রেডিও তেহরানকে জানিয়েছেন, আইন-শৃংখলা  সংক্রান্ত সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সুপারিশ অনুযায়ী গড়পাড়ার তাজিয়া মিছিলকে গতবারের ‌আঙ্গিকেই আয়োজন করার পরামর্শ দেয়া হয়েছে।

এ দিকে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাংবাদিক ওবায়দুর রহমান ইয়াকুব রেডিও তেহরানকে বলেছেন, তিনবছর আগে ঢাকায় হোসেনি দালান ইমামবাড়ায় মহররমের মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার পর নিরাপত্তা সতর্কতা হিসেবে গড়পাড়ার তাজিয়া মিছিলকেও  মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করতে দেয়া হচ্ছে না। তাজিয়া মিছিলের ব্যাপারে শিয়া-সুন্নি বিতর্কের উর্দ্ধে এটিকে জেলার একটি ঐতিহ্য হিসেবে দেখতে চান এলাকাবাসী।

২০১৫ সালের ২৩ অক্টোবর মহররমের রাতে ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় নিহত হন দু’জন। আহত হন শতাধিক মানুষ। এটি ছিল বাংলাদেশে তাজিয়া মিছিলে ওপর সংঘটিত এ ধরনের প্রথম হামলা। এ বোমা হামলার ঘটনায় ১০ জেএমবি সদস্যকে আসামি করে অভিযোগপত্র দায়ের করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮