এশিয়া কাপ: এবার ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
-
৮৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন রোহিত শর্মা
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের কাছে ১৩৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করতে পেরেছিল মাত্র ১৭৩ রান। এই রান তাড়া করতে নেমে ৮২ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় ধোনি-রোহিতরা।
লক্ষ্য ছোট হলেও দুই ভারতীয় ওপেনার শুরুটা সতর্কভাবেই করেছিলেন। শিখর ধাওয়ান ৪৭ বলে ৪০ রানের একটি ইনিংস খেলে সাজঘরে ফিরে যাওয়ার পর দ্রুত ফিরেন আম্বাতি রাইডুও।
এরপরই মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গে নিয়ে অধিনায়ক রোহিত দলকে দ্রুত জয়ের দিকে নিয়ে যান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে রোহিত শর্মা খেলেছেন ১০৪ বলে ৮৩ রানের চমৎকার একটি ইনিংস। যাতে ৫টি চার ও ৩টি ছক্কার মার রয়েছে। ধোনিও ৩৭ বলে ৩৩ রানের দারুণ একটি ইনিংস খেলেন।
মাশরাফি, সাকিব ও রুবেল একটি করে উইকেট লাভ করেন।

এর আগে বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দলীয় মাত্র ১৫ রানের মাথায় ওপেনার লিটন দাসের (৭) উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও (৭)। আশা জাগিয়েও দ্রুত ফিরে যান অলরাউন্ডার সাকিব আল হাসান (১৭)।
কিছুটা দৃঢ়তা দেখালেও বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিকুর রহিম। ৪৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরেন তিনি। এর আগে মোহাম্মদ মিঠুন ৯ রানে আউট হয়েছিলেন।
এরপর মাহমুদউল্লাহ চেষ্টা করছিলেন এই বিপর্যয় এড়াতে। কিন্তু তিনিও খুব একটা সফল হতে পারেননি, ৫১ বলে ২৫ রান করে আউট হন। দ্রুত ফিরেন মোসাদ্দেক হোসেন সৈকতও (১৬)।
কিন্তু অষ্টম উইকেটে মাশরাফি বিন মুর্তজা ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা দৃঢ়তা দেখান। তাঁরা ৬৬ রানের জুটি গড়ে দলকে একটা সম্মানজনক সংগ্রহের পথ দেখান।
মিরাজ ৫০ বলে ৪২ এবং মাশরাফি ৩২ বলে বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলে দলের সংগ্রহ খুব বেশিদূর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
রবিন্দ্র জাদেজা ২৯ রানে চারটি এবং ভুবনেশ্বর কুমার ৩২ ও জসপ্রিত বুমরাহ ৩৭ রানে তিনটি করে উইকেট নিয়ে মূলত বাংলাদেশের ব্যাটিং ধস নামান।
চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যান পুরস্কার পেয়েছেন এক বছরেরও কয়েক মাস পরে ভারতের ওয়ানডে দলে ফেরা স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২২