একাদশ নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ করতে সরকার কাজ করে যাচ্ছে: শেখ হাসিনা
-
বৈঠকে শেখ হাসিনা ও জেরেমি হান্ট
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে ‘অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু’ করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্ট সোমবার নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠকর পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানান, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে জেরেমি হান্ট আসন্ন নির্বাচন সম্পর্কে বলেন, তারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে।
ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকে রোহিঙ্গা পরিস্থিত নিয়েও আলোচনা হয় বলে পররাষ্ট্র সচিব জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে সমস্যাটা কোথায়, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জেরেমি হান্ট। রোহিঙ্গা প্রত্যাবসনে চুক্তি হওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তখন তাকে বলেন, চুক্তি করলেও মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
পররাষ্ট্র সচিব আরও জানান, “মিয়ানমারে গণহত্যা চলছে বলে অভিযোগ আছে, এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত হবে কিনা- তা জানতে চান জেরেমি হান্ট। জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে।”
রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাসস্থল নির্মাণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫