৯ বছর পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ, ম্যাচসেরা মুমিনুল
-
৯ বছর পর টেস্টে ক্যারিবীয়দের হারানোর আনন্দে টাইগাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ৬৪ রানে জিতেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে টাইগাররা। সর্বশেষ ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১২৫ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ঠিক হয় ২০৪ রানের। এই লক্ষ্যটাই তাদের জন্য পাহাড়সমান করে তোলেন বাংলাদেশের স্পিনাররা। ৭৫ রানে তাদের ৮ উইকেট তুলে নিয়েছিল সাকিব-তাইজুলরা। কিন্তু এরপর সুনীল আমব্রিস ও জমোল আমব্রিস ৬৩ রানের দারুণ জুটিতে প্রতিরোধ গড়েন। তবে তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ ব্যাটসম্যান হিসেবে আমব্রিসকে মুশফিকুর রহীমের তালুবন্দি করে টাইগারদের জয় নিশ্চিত করেন তাইজুল।
দারুণ বল করে ৩৩ রানের খরচায় ৬টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল। ২টি করে উইকেট পেয়েছেন সাকিব ও মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন আমব্রিস। ৬২ বলে ৪টি চারে এ রান করেন তিনি।
ম্যাচে প্রথম ইনিংসে ৩২৪ রান করেছিল বাংলাদেশ। মুমিনুল ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহের পথ দেখান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২৪৬ রান। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৭৮ রানে লিড পেয়েছিল। দ্বিতীয় ইনিংসে সাকিবরা মাত্র ১২৫ রান করলে প্রতিপক্ষের সামনে দুই শতাধিক রানের লক্ষ্য ছুড়ে দেওয়া সম্ভব হয়।
ম্যাচসেরা মুমিনুল
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪