ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, চমক রাহী
https://parstoday.ir/bn/news/bangladesh-i69607-ক্রিকেট_বিশ্বকাপে_বাংলাদেশের_দল_ঘোষণা_চমক_রাহী
ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ বড়সড় চমক দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৬, ২০১৯ ১০:০৯ Asia/Dhaka
  • ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, চমক রাহী

ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ বড়সড় চমক দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের।

আজ (মঙ্গলবার) দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপের এই দলে চমক হিসেবে থাকছেন পেসার আবু জায়েদ রাহি। ৫টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্ট খেললেও এখনও কোনো ওয়ানডে খেলা হয়নি এই ফাস্ট বোলারের। ইংলিশ কন্ডিশনকে চিন্তা করে ও বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ভালো করায় রাহীকে নেয়া হয়েছেন বলে জানান নির্বাচক। এছাড়া, মাহমুদউল্লাহ রিয়াদের হালকা ইনজুরি থাকায় ও দলের স্পিন শক্তি বাড়াতে মোসাদ্দেক হোসেন সৈকত দলে সুযোগ পেয়েছেন।

আসন্ন বিশ্বকাপ দলে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে। বিকল্প ওপেনার হিসেবে বিশ্বকাপ দলে রয়েছেন সৌম্য সরকার। ইনজুরি নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

অনুমিতভাবেই দলে রয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সেরা পাঁচ তারকা। তবে সাকিব, তামিম ও মুশফিক খেলছেন টানা চতুর্থ বিশ্বকাপ। দুর্ভাগ্যক্রমে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে জায়গা হয়নি মাশরাফির। ২০০৩ বিশ্বকাপে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে খেলবেন এ বিশ্বকাপ।

পেস বোলিং বিভাগে কোনো রকম বিতর্ক ছাড়াই রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান। স্পিন বিভাগে সাকিবকে সহায়তা করবেন মেহেদি হাসান মিরাজ।

এছাড়া ৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলী।তবে আইসিসি’র অনুমতি ছাড়া এই বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকছে ২৩ মে পর্যন্ত। তাই পারফম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারে ক্রিকেট বোর্ড।

আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে। আর ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৫ সদস্যের বাংলাদেশের বিশ্বকাপ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

১৭ সদস্যের ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, ইয়াসির আলী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬