আদালত স্থানান্তর: খালেদা জিয়ার রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি
-
বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া
কারাবন্দি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারে আদালত স্থানান্তরের বিরোধীতা করে দায়ের করা রিটের শুনানি আগামী ১০ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, বেগম জিয়ার মামলার বিচারের জন্য ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালটি কেরানীগঞ্জের নতুন কারাগারে স্থানান্তর করার ব্যাপরে গত ১২ মে একটি প্রজ্ঞাপন জারী করে আইনমন্ত্রনালয়।
গত ২১ মে ব্যারিস্টার কায়সার কামাল সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে আইন মন্ত্রণালয়ের সচিবকে একটি আইনি নোটিশ পাঠান। তার জবাব না পাওয়ায় এ রিটটি দায়ের করা হয় বলে তিনি জানান। আর রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনমন্ত্রনালয়ের প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে আবেদনে। স্বরাষ্ট্র সচিব ও আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে রিটে বিবাদি করা হয়েছে।
রিট আবেদন দায়ের করার পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া একজন পাবলিক ফিগার। সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো ট্রায়াল পাবলিকলি হওয়া উচিৎ। কেরানীগঞ্জের কারাগারের একটি রুমে কখনো পাবলিক ট্রায়াল হতে পারে না।
সোমবার উভয় পক্ষই উপস্থিত থাকলেও আদালত এ শুনানিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষভুক্ত করতে বলেন। এবং রিটটি শুনানির জন্য আজ মঙ্গলবার তারিখ ধার্য করেন আদালত। আজকের নির্ধারিত দিনে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ১০ জুন পর্যন্ত শুনানী মুলতবি করেন।
আদালতে আজ খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আর দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৮