নারী আসন: বিএনপির রুমিনকে নির্বাচিত ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i70781-নারী_আসন_বিএনপির_রুমিনকে_নির্বাচিত_ঘোষণা
একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির কোটায় একমাত্র প্রার্থী রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka
  • রুমিন ফারহানা
    রুমিন ফারহানা

একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির কোটায় একমাত্র প্রার্থী রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম বলেন, এ পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। এ পদে আর কেউ প্রর্থী না থাকায় এবং  রুমিন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছি। এখন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।

বুধবার এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এরপর সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানার শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠাবে ইসি সচিবালয়।

প্রয়াত ভাষা সংগ্রামী অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা গত কয়েক বছর ধরেই বিএনপির কর্মকাণ্ডে বেশ সক্রিয়। পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন টক শোতে তিনি অংশ নিতেন। 

সাপ্তাহিক ইত্তেহাদের সম্পাদক অলি আহাদের গড়ে তোলা দল ‘ডেমোক্রেটিক লীগ’ এরশাদবিরোধী আন্দোলনে বিএনপি নেতৃত্বাধীন সাত দলীয় জোটে ছিল। দলটি এখনও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে আছে। বাবার গড়ে তোলা ওই দলে নাম লেখাননি রুমিন ফারহানা। বিএনপির সর্বশেষ কাউন্সিলে তাকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়।

চলতি সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন রয়েছেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয় লাভ করে। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী, দলটিকে ১টি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল দেয় ইসি। 

গত সংসদ নির্বাচনে নিজের আসন থেকে জয়লাভ করতে না পারলেও বিএনপি চেয়ারপারসনের বগুড়া-আসন থেকে জয় পেয়েছিলেন মির্জা ফখরুল। ওই আসনে নির্বাচিত হয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সেখানে আগামী ২৪ জুন ভোটের তারিখ নির্ধারন করে  উপ-নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।