গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i70857-গণতন্ত্রের_শুভদিন_বিএনপিই_ফিরিয়ে_আনবে_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, তাদের দলের নেতৃত্বেই দেশে গণতন্ত্রের শুভদিন ফিরবে।  আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০১, ২০১৯ ১০:০৯ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতৃবৃন্দ (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতৃবৃন্দ (ফাইল ফটো)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, তাদের দলের নেতৃত্বেই দেশে গণতন্ত্রের শুভদিন ফিরবে।  আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, 'বিএনপি বিভেদ-বিভাজন ও হতাশায় বিশ্বাস করে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে। মানুষ ফিরে পাবে তার নাগরিক স্বাধীনতা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হবে আরও শক্তিশালী।'

তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘অবশ্যই বিএনপির নেতৃত্বে রাষ্ট্রের প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার নয়। কোনো বাধা-বিপত্তি-প্রতিবন্ধকতা-উস্কানিমূলক কথাবার্তা, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। বর্তমান শ্বাসরোধী দুঃশাসনের অবসান হবেই।'

বিএনপির এ নেতা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সুপরিকল্পিত ও দূরদর্শী সিদ্ধান্তে দল পরিচালনা করছেন বলে রিজভী জানান।

তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করা হচ্ছে বলেও জানান তিনি।

রিজভী বলেন, তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সর্বস্তরের নেতাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। তাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করে বিভিন্ন জেলা-উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিগুলো গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন।

তিনি আরও বলেন, সারা দেশে কাউন্সিল হচ্ছে। তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ডে এসেছে নতুন গতি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রস্তুত হচ্ছেন সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকরা।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লক্ষ্যে পৌঁছাতে বাধা-বিপত্তি আসবেই। এসব অতিক্রম করে আমাদেরকে শিড়দাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এর আগে গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে সরকার। আওয়ামী লীগ সরকার চেয়েছিল খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখে বিএনপিকে নিঃশেষ করতে, ধ্বংস করে দিতে। কিন্তু সরকারের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে, গ্রেফতার করে, নির্যাতন করে, গুম করে, খুন করেও বিএনপির নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে ভাঙার সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।