বাংলাদেশে গণতন্ত্রের অন্ধকারপর্ব চলছে- রিজভী; শপথ নিলেন রুমিন ফারহানা
-
ব্যারিস্টার রুমিন ফারহানাকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশে গণতন্ত্রের অন্ধকারপর্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে চলছে গণতন্ত্রের এক অন্ধকারময় পর্ব, এখানে সুষ্ঠু নির্বাচন নিরুদ্দেশ করা হয়েছে। মানুষের বাক-স্বাধীনতা নেই। দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবর্হিভূত হত্যার হিড়িক চলছে।
আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন, শুধু মে মাসের প্রথম আট দিনেই ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে পাঁচজন মানুষ বিচারবর্হিভূত হত্যার শিকার হচ্ছে। হত্যা, ধর্ষণের মতো গুরুতর অপরাধগুলো সমাজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করলেও সরকারের টনক নড়ে না। বরং ক্ষমতাসীনদের আস্কারাতেই ক্ষমতাসীনরা শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছে।
পেট্রলবোমা কালচার আওয়ামী লীগের আবিষ্কার দাবি করেন রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেরা অপকর্ম করে অন্যের উপর দায় চাপায়। বিএসএমএমইউতে পেট্রলবোমা সদৃশ্য বোতলও ক্ষমতাসীন মহলের ষড়যন্ত্রের অংশ। এটা কী উদ্দেশ্যে করা হয়েছে, এটাও দেশবাসীর কাছে পরিষ্কার। জনগণের ওপর জবরদস্তি করে মিথ্যা কথার মায়াজাল বিস্তার করা যায় না।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে মনোনীত ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (রোববার) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনও তা বলছি।
অবৈধ বলছেন তাহলে কেন শপথ নিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক স্পেস। আমাদের কথা বলার জায়গাগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সেই অর্থে দেখতে পাচ্ছি, সংসদ একটি ভালো অ্যাভিনিউ যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের দলের কথা, দেশের কথা ও মানুষের কথা বলার জন্য। আর সেই স্পেসটা ব্যবহার করার জন্য আমাদের এই সংসদে আসা। এ সময়, অতি দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের প্রত্যাশা জানান তিনি।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৯