সাহস থাকলে বিএনপি আন্দোলন করে দেখাক: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বিএনপির আন্দোলনের সক্ষমতাকে কটাক্ষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজও বলেছেন, ‘আন্দোলন করবে একথা তো তারা বারবারই বলে বেড়াচ্ছে। এখনও সেই পুরোনো কথার পুনরাবৃত্তি আমরা শুনতে পাচ্ছি। তাদের যদি সেই সক্ষমতা থাকে, সাহস থাকে তাহলে আন্দোলন করে দেখাক।’
আজ (শনিবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্রের ধারণা স্ববিরোধিতায় পরিপূর্ণ, আন্দোলন করবে কি করে? আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করুক। এখানে আমাদের কোনো বিষয় নেই।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, দুর্নীতির ধারা অব্যাহত রাখার জন্যই বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে।
এদিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনে জনগণ মুচকি হাসে।
ড. হাছান মাহমুদ বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী জিয়াউর রহমান গঠিত বিএনপির গঠনতন্ত্র অবৈধ। তারা ২০১৩-১৪-১৫ সালে যেভাবে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়েছে, তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন আর তারেক রহমানের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততা হাইকোর্টে প্রমাণিত হয়েছে। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
খালেদা জিয়ার সাজায় সরকারের হস্তক্ষেপ রয়েছে- বিএনপির এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার হস্তক্ষেপ করলে খালেদা জিয়ার মামলা শেষ হতে ১০ বছর লাগতো না, বহু আগেই তিনি জেলে থাকতেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।