ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
-
শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নেয়া এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
আজ সকালে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়, নেতা-কর্মীদের মুজিব আদর্শের চর্চা বজায় রাখার আহ্বান জানান দলীয় প্রধান শেখ হাসিনা।
'গৌরবের অভিযাত্রায় ৭০ বছর'-এ স্লোগান নিয়ে আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে র্যালি ও আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ্য নেতাদের নিয়ে ধানমন্ডিতে যান এবং দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ।
এরপর, জাতীয় সংগীতের সুরে গলা মিলিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। এরপর রঙ্গিন বেলুন আর পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ওদিকে, রোববার (২৩ জুন) সকালে রাজধানীতে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তা ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেবার আহবান জানান।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠ প্রশাসনে সম্পৃক্ত কর্মকর্তাদের জনগণের সেবার কথা চিন্তা করেই, কাজ করতে হবে। প্রধানমন্ত্রী এ সময় ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে দেশ ও দেশের মানুষকে ভালোবেসে কাজ করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশিক্ষণ সম্পন্নকারী জনপ্রশাসনের কৃতি কর্মকর্তাদের পুরস্কৃত করেন এবং নবীন কর্মকর্তাদের হাতে সনদ হস্তান্তর করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।