অনুমতি না নেয়ার বিএনপির র‍্যালি করতে দেয়নি পুলিশ: রিজভীর ক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i71520-অনুমতি_না_নেয়ার_বিএনপির_র_্যালি_করতে_দেয়নি_পুলিশ_রিজভীর_ক্ষোভ
আগেভাগে পুলিশের অনুমতি নেয়া হয়নি- এ কারণ দেখিয়ে ঢাকার পুলিশ ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত র‌্যালি অনুষ্ঠিত হতে দেয়নি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৬, ২০১৯ ১৪:২৯ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

আগেভাগে পুলিশের অনুমতি নেয়া হয়নি- এ কারণ দেখিয়ে ঢাকার পুলিশ ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত র‌্যালি অনুষ্ঠিত হতে দেয়নি।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অয়োজন করার কথা ছিল। মঙ্গলবার রাতেই দলটির দফতর থেকে র‌্যালির কথা জানিয়ে বলা হয়, এতে সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সকাল ১০ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-সচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের ঢাকা মহানগর উত্তরের এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ দলীয় কার্যালয়ে হন। 

কিন্তু আগে ভাগেই সেখানে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। বেলা ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে র‌্যালির জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু অনুমতি মেলেনি। পরে দুপুর পৌনে একটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি নেতারা।

এ সময় 'বেআইনি সমাবেশ'-এর অজুহাতে বিএনপি অফিসের আশপাশ থেকে ৮/১০ জনকে আটক করে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস জানিয়েছেন, র‌্যালির অনুমতি ছিল না। তাই মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে র‌্যালি করতে দেওয়া হয়নি।

র‌্যালি অনুমতি না দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশে এই দিবসটি পালন করছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমাদের এই কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।  আমরা অনুমতি চেয়ে চিঠিও পাঠালাম। তারপরেও আমাদের এই আন্তর্জাতিক দিবসটি পালনের বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, উৎপীড়ন যে দিনের পর দিন বৃদ্ধি করা হচ্ছে আজকের ঘটনা তারই প্রমাণ।

আজকে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন রিজভী।#

 

পার্সটুডে/আবদুর রহমান/আশরাফুর রহমান/২৭