যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আ.লীগের সদস্য হবে না: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্বাধীনতাবিরোধী ও তাদের পরিবারের কাউকে মনোনয়ন দেওয়া, এদের সদস্য করার ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। এখানে আপোসকামিতার প্রশ্নই ওঠে না।’
আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
গত সপ্তাহে ওবায়দুল কাদের বলেছেন, পরিবারে কেউ যুদ্ধাপরাধী বা জামায়াতে ইসলামীর সদস্য থাকলেও আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে এটা বাধা হবে না। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলের ভেতরেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে একাত্তরের শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী। তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “যদি তাই হয়, তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ সন্তান–তারা দূরে সরে যাবে। বীরের রক্ত কখনো খুনির রক্তের সাথে মিলতে পারে না। হয় ওদের নেবেন, না হয় মুক্তিযোদ্ধাদের পরিবারদের নেবেন। সিদ্ধান্ত আপনাদের।“
এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের তার বক্তব্য আস্বীকার করে বলেন, বলেন, ‘নো নো, এই কথা আমি বলতে পারি না। আমি এ কথা বলিইনি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ, বাংলাদেশ রাষ্ট্র জন্মের চেতনার পক্ষের দল। কেউ যদি আমাকে জড়িয়ে এ ধরনের কোনো কথা প্রচার করে থাকে, তাহলে আমি বলব তিনি আমার কথার বিকৃতি করেছেন।’
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বরাবরই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে। তাদের পরিবারের কেউ যদি আসতে চায় আমাদের তো প্রশ্ন থাকবেই। এখানে আদর্শ ও মূল্যবোধের প্রশ্ন জড়িত। মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন থাকায় এখানে আমরা আপস করতে পারি না।’ ওবায়দুল কাদের বলেন, ‘নতুন যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, এর মাধ্যমে স্বাধীনতাবিরোধী কেউ আওয়ামী লীগে আসতে পারবে না।’
বিএনপির কেউ যদি আওয়ামী লীগে আসতে চায়, তবে অবস্থান কী হবে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা বিএনপি থেকে আসতে চায় সেই ব্যাপারেও আমরা নীতিগতভাবে চিন্তাভাবনা করেই ঠিক করি। অন্য কোনো দল থেকে এলে আমরা সাম্প্রদায়িকতার বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে থাকি। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে আমরা যাদের দেখি, তারা জামায়াত হোক বিএনপি হোক একইভাবে দেখি।’
বরগুনার হত্যকাণ্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে যদি দলীয় কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে। এখানে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর, এটা আমি বলতে পারি।’
নয়ন বন্ড ক্রসফায়ারে মারা গেছে-এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘নয়ন বন্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আমি তাঁর বক্তব্যের সঙ্গে একমত।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।