গুজব সরকারকে বিপদে ফেলার চক্রান্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত কি না, তার সাথে কারো কোন যোগসাজশ আছে কি না এবং সরকারকে বিপদে ফেলার চক্রান্ত কি না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
আজ (বুধবার) সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। কাদের বলেন, ‘আমরা দলীয়ভাবেও নির্দেশ দিয়েছি, দলের নেতারা যেন সতর্কতামূলক সভা ও সমাবেশ করে। গুজব থেকে গনপিটুনির মতো দুঃখজনক ঘটনাগুলো যেন না ঘটতে পারে সেজন্য দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এমপিরাও যার যার এলাকায় গিয়ে সভা সমাবেশ করবেন। চিফ হুইপের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশও দেয়া হয়েছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা গুজব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। আইন হাতে নেয়ার অধিকার কারো নেই। এটি অপরাধ-অপকর্ম।’
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, গুজব ছড়াবেন না এবং অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অপরাধীরা যেই হোক প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে।
পদ্মাসেতু যারা চায় না তারাই গুজব রটানোর হোতা: তথ্যমন্ত্রী
এদিকে, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পদ্মাসেতু যারা চায় না তারাই গুজব রটানোর হোতা। যারা গুজব রটাচ্ছে তাদের অনেককে চিহ্নিত করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। অতীতেও তারা নৃশংস ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
আজ দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ কক্ষে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শিগগিরই চিহ্নিত ব্যক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গণপিটুনিতে অংশ নিয়ে যারা সাধারণ মানুষকে হত্যা করেছে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪