বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i72305-বিএনপির_কেন্দ্রীয়_কার্যালয়_এখন_গুজবের_কারখানা_ওবায়দুল_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে যে তারা এখন সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৭, ২০১৯ ১১:৪৯ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের
    বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে যে তারা এখন সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করে না।

আজ (শনিবার) সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা। তারা সেখান থেকে অপপ্রচার গুজব ছড়াচ্ছে। সম্প্রতি মানুষ পিটিয়ে মারার ঘটনার পেছনেও বিএনপির নেতাদের হাত আছে।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির অবস্থা বর্তমানে মিথ্যাবাদী রাখাল বালকের মতো হয়েছে। তারা বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বললেও জনগণ তা মিথ্যা বলে মনে করে।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে।

তিনি বলেন, তার (বেগম জিয়া) স্বাস্থ্য যতটা না খারাপ তার চেয়ে বেশি তারা অপপ্রচার করছে। তারা তার মুক্তির জন্য কোনো আন্দোলন সংগঠিত করতে পারেনি। এখন মিথ্যাচারই তাদের একমাত্র পুঁজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো.আবু কাওছার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক পংকজ নাথ। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেয়।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭