৩ সপ্তাহ পর ব্রিটেন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
শেখ হাসিনা
ব্রিটেনে প্রায় তিন সপ্তাহ সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে গণভবনে পৌঁছার পর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডন সময় বুধবার বিকাল ৬টা ৫৫ মিনিটে ওই ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
শেখ হাসিনা ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পার্সটুডে/আশরাফুর রহমান/৮