'এডিস মশা ধ্বংসের জন্য সারা দেশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে'
-
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ডেঙ্গু মোকাবিলা করতে হলে সারা বছর এডিস মশা বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শনিবার রাজধানীতে আয়োজিত দলীয় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
এসময় সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এক বছর টার্গেট করে কাজ করেন। সময়ের কাজ সময় করেন। মানুষ ডেঙ্গু নিয়ে ভয়ে আছে, আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সিটি করপোরেশনকে বলবো নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করেন। স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবো এখন থেকে সারাদেশের পৌরসভাকে কাজে লাগান।
নাসিম বলেন, কোলকাতা যদি ডেঙ্গু মুক্ত করতে পারে আমরা কেন পারবো না। আজকের থেকে মনে করেন আমরা ডেঙ্গু বিরোধী যুদ্ধে নেমেছি। আগামী বছর যেনো ডেঙ্গুর প্রকোপ দেখা না দেয়। আমরা আপনাদের পাশে আছি। মানুষ কষ্টে আছে, নির্বাচনের সময় কিন্তু মানুষ এটা মনে রাখবে। শুধু কথা বলে কাজ হবে না, ডেঙ্গু মুক্ত করতে কাজ করতে হবে।
পরে রাজধানীর মতিঝিল বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আয়োজক হিসাবে এ সময়ে উপস্থিত ছিলেন।
এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের ১০ দিনেই ২০ হাজার ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসে আক্রান্ত হয়ে ভর্তি হন ১৬ হাজার ২৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আজ শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাবে ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৯০ জনের উপরে।
সরকারি হিসাবে এ জানুয়ারী থেকে পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় উনচল্লিশ হাজার রোগী।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান /বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।