পাকিস্তানিরাও বলতে বাধ্য হচ্ছে 'হামকো বাংলাদেশ বানা দো': শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i73286-পাকিস্তানিরাও_বলতে_বাধ্য_হচ্ছে_'হামকো_বাংলাদেশ_বানা_দো'_শেখ_হাসিনা
বাংলাদেশ উন্নয়নের নজির স্থাপন করায় পাকিস্তানিরাও এখন বলতে বাধ্য হচ্ছে ‘হামকো বাংলাদেশ বানা দো’। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১২:২৪ Asia/Dhaka
  • জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ উন্নয়নের নজির স্থাপন করায় পাকিস্তানিরাও এখন বলতে বাধ্য হচ্ছে ‘হামকো বাংলাদেশ বানা দো’। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যে দেশ থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, তারা এক সময় বলেছিল বাংলাদেশের মানুষ গরিব, এত লোক; ওটা একটা বোঝা ছিল, চলে গেছে ভালো হয়েছে। অথচ আজকে তারা বলতে বাধ্য হয়, 'হামকো বাংলাদেশ বানা দো'। এটা আজকে তারা বলতে বাধ্য হচ্ছে। আমাদের বাংলাদেশের মতো উন্নত করে দাও, সেটা তারা বলতে বাধ্য হচ্ছে।

আজ (রোববার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য সেরা ৬৬ রফতানিকারককে ট্রফি তুলে দেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিল্পাঞ্চল আপনারা গড়ে তুলবেন, শিল্প উন্নয়ন করবেন। সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ- এ বিষয়টির দিকে বিশেষভাবে ‍দৃষ্টি দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনাটা শুরু থেকেই করতে হবে। তাহলে সেটা আমাদের পরিবেশ রক্ষায় অত্যন্ত সহজ হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে, মানুষের জন্যও কল্যাণকর হবে।

প্রতিটি শিল্পাঞ্চল এলাকায় জলাধার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে সেই পানিটা ব্যবহার করা যায়। আর একটা জলাধার থাকলে সেখানকার পরিবেশটাও ভালো থাকে। পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা দরকার। এটি আমাদের পরিবেশের জন্য একান্তভাবে দরকার।

সরকার প্রধান বলেন, আজকে উন্নয়নের যে গতি, সেটা যেন কখনো থেমে না যায়। স্বাধীন বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ আজ বিশ্বে যে সম্মান অর্জন করেছে, সে সম্মান ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে চাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা স্বাধীন বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছে, আজকে তারা অবহেলার চোখে দেখে না। বাংলাদেশকে তাদের সম্মানের চোখেই দেখতে হয় যে, বাংলাদেশ পারে।

রফতানি নতুন বাজার ও নতুন পণ্য যোগ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিনিয়োগ আরো ত্বরান্বিত করতে ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।