ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় ও মধ্যাহ্নভোজে অংশ নিলেন শেখ হাসিনা
-
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এক টেবিলে বসে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানেই শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়, পরে কিছু সময় তারা আন্তরিকভাবে কথা বলেন।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জের মধ্যাহ্নভোজে বিভিন্ন নেতারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এক সময় ট্রাম্প এগিয়ে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আলাপ করতে দেখা যায়।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলসহ অন্যান্য নেতাদের সঙ্গে শেখ হাসিনাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পরে জাতিসংঘ মহাসচিব নিজের টেবিলে শেখ হাসিনাকে নিয়ে বসেন। আন্তোনিও গুতেরেসের টেবিলে আরও বসেন ডোনাল্ড ট্রাম্প, আঙ্গেলা মার্কেল।
জাতিসংঘ মহাসচিবের মধ্যাহ্ন ভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কি কথা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তাদের মধ্যে আন্তরিক আলোচনা হয়েছে। এরচেয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন