বাংলাদেশে কারখানায় আগুনে ১০ জনের মৃত্যু; তদন্ত কমিটি গঠন
-
ফ্যান ফ্যাক্টরিতে আগুনের দৃশ্য
বাংলাদেশের গাজীপুরে লাক্সারি ফ্যান কারখানায় ভয়াবহ আগুনে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার বিকেল পৌনে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মামুনুর রশিদ বলেন, আগুন নিভানোর পর ‘লাক্সারি ফ্যান ফ্যাক্টরি’ থেকে লাশগুলো বের করে আনা হয়। পুড়ে যাওয়া দেহগুলো দেখে সনাক্ত করার মতো অবস্থায় নেই বলেও জানান তিনি।
তিন তলাবিশিষ্ট টিন শেড এই কারখানায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা ভবনটির তৃতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও পুলিশ সুপার শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন তিনি। তাদের ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পুলিশ সুপার শামসুন্নাহার গণমাধ্যমকে বলেছেন, কারখানার গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।