খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার দায় বাংলাদেশকে নিতে হবে: নজরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i77609-খালেদা_জিয়াকে_মৃত্যুর_দিকে_ঠেলে_দেয়ার_দায়_বাংলাদেশকে_নিতে_হবে_নজরুল
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য জামিনের আবেদন করা হয়েছে। সঠিকভাবে বিচার বিভাগ চলতে পারলে তার জামিন হবে ইনশাআল্লাহ। আর তা না হলে গণতান্ত্রিক পন্থায় তাকে মুক্ত করা হবে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২০ ১০:১৮ Asia/Dhaka
  • হুইল চেয়ারে বেগম খালেদা জিয়া
    হুইল চেয়ারে বেগম খালেদা জিয়া

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য জামিনের আবেদন করা হয়েছে। সঠিকভাবে বিচার বিভাগ চলতে পারলে তার জামিন হবে ইনশাআল্লাহ। আর তা না হলে গণতান্ত্রিক পন্থায় তাকে মুক্ত করা হবে।’

আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে না পেরে প্রেসক্লাব চত্বরে এমন ঘোষণা দিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেননি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি অমানবিক অপরাধ। সেই অপরাধ শুধু সরকারের হবে না, বাংলাদেশকে সেই অপরাধের দায় নিতে হবে। আমাদের সবার বাংলাদেশকে হেয় করার অধিকার কারো নেই। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিন।’

নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। তাছাড়া, এদেশের সাধারণ দিনমজুর ও নির্দিষ্ট নিম্নআয়ের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশাহারা। এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু প্রেসক্লাবের সন্নিকটে ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম আছে সে আজুহাতে প্রেসক্লাবের সামনে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। তাই  আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের মানববন্ধন কর্মসূচি প্রেসক্লাবের সামনে আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় পালন করা হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, হাবিব-উন-নবী খান সোহেল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সভাপতি কাজী আমির খসরু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল, সহ-সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।