বাংলাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু: রিজেন্ট সাহেদ ২৮ দিনের রিমান্ডে
https://parstoday.ir/bn/news/bangladesh-i81760-বাংলাদেশে_করোনায়_আরও_৫৪_জনের_মৃত্যু_রিজেন্ট_সাহেদ_২৮_দিনের_রিমান্ডে
বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন। আর করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের শরীরে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৬, ২০২০ ১২:০৫ Asia/Dhaka
  • আদালতে রিজেন্টের মালিক মো. সাহেদ
    আদালতে রিজেন্টের মালিক মো. সাহেদ

বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন। আর করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের শরীরে।

আজ (রোববার) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১৪ জন।

ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) আগের নমুনাসহ ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১০ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ১ হাজার ১১২টি নমুনা।

অধ্যাপক নাসিমা সুলতানা

এ সময় করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আবারো অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন। কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও নমুনা পরীক্ষা করাবেন। প্রতিটি উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন।’

সাহেদের ২৮ দিন রিমান্ড মঞ্জুর

ওদিকে, করোনার নমুনা পরীক্ষা নিয়ে দুর্নীতি ও প্রতারণার দায়ে গ্রেপ্তারকৃত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে  চারটি মামলায় ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের চার মামলার রিমান্ড শুনানির পর আদালত সাহেদকে ২৮ দিনের এবং তার প্রতিষ্ঠানটির এমডি মাসুদ পারভেজের তিন মামলায় ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই বিচারক।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এই আদেশ দেন। এ সময় আদালতে সাহেদ স্বীকার করেছে,  যেসব অভিযোগে মামলা হয়েছে, তা সবই সত্য।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।