নোয়াখালীতে সাংবাদিক নিহত: অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের
-
সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির
বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টায় নিহত সাংবাদিকের পিতা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুজাক্কিরের বাবা বাদী হয়ে অজ্ঞাত নামা একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ অর্ধশতাধিক ব্যক্তি। আহতদের মধ্যে ২০ জনকে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত ১০টা ৪৫মিনিটে তার মৃত্যু হয়। মুজাক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।