সাগর-রুনি হত্যা: ৭৯ বার পেছালো প্রতিবেদন দাখিলের সময়
বাংলাদেশের বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একদফা তারিখ পিছিয়ে দিয়েছে বিচারিক আদালত। এ নিয়ে এ পর্যন্ত মোট ৭৯ বার পেছানো হলো এ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ।
আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ চাঞ্চল্যকর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে আদালত আগামী ২১ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলানগর থানার এক উপপরিদর্শক (এসআই)। এর চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল র্যাবের কাছে হস্তান্তর করা হয় মামলার তদন্তভার।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।