১৯৫ পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার শুরু করার দাবি সেক্টর কমান্ডার ফোরামের
-
মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডারদের ফোরাম - দেশীয় যুদ্ধাপরাধীদের সাথে সাথে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে।
আজ(রোববার) এক বিবৃতিতে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও লেখক-সাংবাদিক হারুন হাবীব একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্য সম্পদের হিস্যা আদায় করার লক্ষ্যে কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে সকল আন্তর্জাতিক রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের বার বার হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়।
যুদ্ধাপরাধ বিচার নিয়ে পাকিস্তানের ক্রমাগত ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদস্বরূপ প্রথম পর্যায়ে তারা দুই দেশের দূতাবাস পর্যায়ে কূটনৈতিক সম্পর্ককে নিম্নতম পর্যায়ে নিয়ে আসার আহবান জানান। এরপরও যদি পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা অব্যাহত রাখে, তাহলে দেশটির সঙ্গে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এদিকে আজ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, সকল যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করা হবে।
তিনি আজ জেলার মনপুরায় নবনির্মিত আদালত ভবন উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন, আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, সম্পাদক এ.কে.এম শাহজাহান মিয়া এবং ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৫