টি-টোয়েন্টি সিরিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটের জয় নিয়ে ৫ ম্যাচ সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।
১২২ রানের লক্ষ্যে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচের মতো এদিনও ব্যর্থ হন সৌম্য সরকার।
মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে শূন্য করেন তিনি। পরের ওভারেই জস হ্যাজেলউডের বলে ৯ রান করা নাঈম শেখ বোল্ড হন।
তৃতীয় উইকেট জুটিতে মেহেদী হাসানের সঙ্গে ৩৭ রান তোলেন সাকিব। তবে অ্যান্ড্রু টাইয়ের দারুণ এক বলে বোল্ড হন সাকিব। ১৭ বলে ২৬ রান করেন এই তারকা। আর অ্যাডাম জাম্পার বলে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের স্টাম্পিংয়ে শিকার হওয়া মেহেদী ২৪ বলে ২৩ রান করেন।
মাঝে শূন্য রানে অ্যাশটন অ্যাগারের বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে এরপর পঞ্চম উইকেট জুটিতে দারুণ খেলে অপরাজিত দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ও নুরুল হাসান বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এই জুটিতে ৪৪ বলে ৫৬ রান আসে। আফিফ ৩১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। আর নুরুল ২১ বলে ৩টি চারের সাহায্যে ২২ রানের হার না মানা ইনিংস খেলেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সতর্ক শুরু করলেও পাওয়ার প্লেতে দলটি ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ৬ ওভার শেষে ৩২ রান তুলতে পারে সফরকারী অজিরা।
দলীয় ১৩ রানে ওপেনার অ্যালেক্স ক্যারিকে নাসুম আহমেদের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান। আর ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমান অসাধারণভাবে বোল্ড করেন আরেক ওপেনার জস ফিলিপকে।
মাঝে তৃতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৫৭ করে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেন মিচেল মার্শ ও মইসেস হেনরিকেস। তবে ২৫ বলে ৩০ রান করা হেনরিকেসকে সাকিব আল হাসান বোল্ড করলে ভাঙে জুটি। এরপর মার্শও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ৪৫ রান করেন। এবার ৪২ বল খেলে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক নুরুল হাসানকে ক্যাচ দেন।
এরপর আসা-যাওয়ার মিছিলেই ব্যস্ত থাকে সফরকারীরা। দুর্দান্ত বল করা মোস্তাফিজ অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড ও অ্যাশটন অ্যাগারকে পর পর দুই বলে বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।
বাংলাদেশের হয়ে সেরা বোলিং করা মোস্তাফিজুর ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট পান। শরিফুল ২টি উইকেট তুলে নেন। এছাড়া মেহেদী ও সাকিব একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।
৩১ বলে অপরাজিত ৩৭ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন আফিফ হোসেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।