মিথ্যা ষড়যন্ত্রে আসলাম চৌধুরী গ্রেফতার-গয়েশ্বর: বিশ্লেষক প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i9598-মিথ্যা_ষড়যন্ত্রে_আসলাম_চৌধুরী_গ্রেফতার_গয়েশ্বর_বিশ্লেষক_প্রতিক্রিয়া
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র করে এবং ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৬ ১৫:৩৯ Asia/Dhaka

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র করে এবং ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে অনুষ্ঠিত বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতিনের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে “গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ষড়যন্ত্র শেখ হাসিনা ও তার দলের অর্জন। তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাই তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। ষড়যন্ত্র কখনো প্রকাশ্যে হয় না। আসলে ষড়যন্ত্র করে এ সরকারই ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছে। তাই তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর গ্রেফতার সম্পর্কে গয়েশ্বর চন্দ্র বলেন, মুসলিম বিশ্বের সমর্থন পেতে মিথ্যা ষড়যন্ত্রের নাটক সাজিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে সরকার।

এ প্রসঙ্গে বিএনপি জোটের শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব: ) সৈয়দ মোহাম্মাদ ইব্রাহিম রেডিও তেহরানকে বলেন, সরকারের পর্বত প্রমাণ ব্যর্থতা ধামাচাপা দিতে এমন একটা আবিশ্বাস্য নাটক তৈরি করেছে।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার এবং রাজকোষ (রির্চাভ) চুরির ঘটনায় কোণঠাসা হয়ে সরকার এখন মোসাদের গল্প ফেঁদেছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১৭ মে) সকালে এক সংবাদ সম্মেলেন রিজভী বলেন, ‘সরকারের পতন শেষ প্রান্তে পৌঁছেছে। সেখান থেকে উত্তরণে ভিন্ন কৌশলে দেশের মানুষকে বিভ্রান্ত করতেই এখন তারা ইসরাইল, মোসাদ বলে হৈচৈ বাধিয়েছে’

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশ ও আওয়ামী লীগের বন্ধু প্রতীম রাষ্ট্র। বিনাভোটে নির্বাচিত বর্তমান শাসকদলকে সমর্থন দিয়ে আসছে ভারত। অথচ সেই ভারতে বিএনপির একজন লোক গিয়ে বাংলাদেশ সরকারের উৎখাতে ষড়যন্ত্র করবে এটা হাস্যকর ছাড়া কিছু হতে পারে না।’

এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ২০১৪ সালের ২৫ জুন ইসরাইলের রাষ্ট্রদূতকে তার বাসায় ডেকে এনে নৈশভোজ করেছেন। তাহলে আমরা কি বলতে পারি না যে, ইসরাইলের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে।

এ প্রসঙ্গে ইসলামী ঐক্য জোটের মহাসচীব মুফতি ফয়জুল্লাহ রেডিও তেহরানকে বলেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বজুড়ে ইসলাম বিনাসী কার্যকলাপে যুক্ত তা বিশ্ববাসী জানে। এদের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

তবে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন সড়ক উদ্বোধন শেষে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসরাইলের ক্ষমতাসীন দলের এক নেতার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনার প্রকাশ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ /১৭