ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে নিহতের পরিবারের সদস্য মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই আসামি গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পক নগর বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফেরার পথে লইছকার বিলে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নৌকাটি ডুবে গেলে ৫০ জনের মত যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারায় ২২ জন। আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ জন।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর লইসকা বিলে নৌকাডুবির ঘটনার পর আজ শনিবার সকাল থেকে ওই রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
নৌকাডুবির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন তদন্ত কমিটির প্রধান। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দিনাজপুরে ডুবে যাওয়া যুবককে উদ্ধার করতে গিয়ে ডুবুরির মৃত্যু
ওদিকে, উত্তরের জেলা দিনাজপুরের ঢেপা নদীতে নিখোঁজ এক যুবকের লাশ খুঁজতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্য আব্দুল মতিন (৪২)নদীর তলদেশে খুঁটিতে আটকা পড়ে মারা গেছে।
ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর সূত্রে জানা গেছে, কান্তজিউ বিগ্রহ যাত্রায় শুক্রবার দুপুরে কাহারোল উপজেলার ভদ্র বাজার সংলগ্ন ঢেপা নদীতে সুমন দেব শর্মা নামে এক যুবক নিখোঁজ হয়। আজ শনিবার সকাল ৮টা থেকে ডুবুরি দলের সদস্যরা নদীতে নিখোঁজ যুবককের লাশ উদ্ধারে নামে। সকাল ৯টায় ডুবুরি দলের সদস্য আব্দুল মতিন নদীতে দীর্ঘক্ষণ ডুবে থাকায় দলের অন্য সদস্যরা তাকে নদীর তলদেশে খুঁটিতে আটকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপরে নিয়ে আসে। আব্দুল মতিনকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। #
পার্সটুডে// আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।