মিন্টু-ফারুকসহ ২৯ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
https://parstoday.ir/bn/news/bangladesh-i9679-মিন্টু_ফারুকসহ_২৯_বিএনপি_নেতার_বিরুদ্ধে_গ্রেফতারি_পরোয়ানা
হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার একটি মামলায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৬ ১৩:২২ Asia/Dhaka
  • আব্দুল আউয়াল মিন্টু,  বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক ও শামসুর রহমান শিমুল বিশ্বাস
    আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক ও শামসুর রহমান শিমুল বিশ্বাস

হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার একটি মামলায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ (বুধবার) ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (মহানগর দায়রা জজ) কামরুল হোসেন মোল্লা এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, পলাতক ২৯ আসামিকে গ্রেপ্তার করা গেল কী না- সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ১১ জুলাই দিন রেখেছেন বিচারক।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম নিরব রয়েছেন।

এ মামলার অন্যতম আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান ও শামসুজ্জামান দুদু বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বলেও জয়নুল আবেদীন মেজবাহ জানান।

মামলার নথি থেকে জানা যায়,২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি-জামায়াত জোট ঘোষিত আন্দোলনের মধ্যে বিএনপি কার্যালয়ের পাশে ভিআইপি রোডে পেট্রোল বোমা ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পল্টন থানা পুলিশ ওইদিনই ৫৩ জনকে আসামি করে মামলা করে। চলতি বছর ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়েই আজ আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।#