মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র থেকে দূরে সরে যাওয়ায় অস্থিরতা বাড়ছে: মাহবুব
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনার সেই গণতন্ত্র থেকে বাংলাদেশ দূরে সরে যাওয়ার কারণেই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে গণতন্ত্রের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল এ আলোচনা সভা আয়োজন করে।
মাহবুবুর রহমান বলেন, দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। খুন হচ্ছে ধরা হচ্ছে না। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এতো কঠিন সময় আগে আর কখনও আসেনি।
তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। মূলত গণতন্ত্র ফিরে আসলেই দেশে শান্তি ফিরে আসবে।
গণতন্ত্রের সংকটই এখন দেশের সবচেয়ে বড় সংকট উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, আমাদের সংসদ আছে কিন্তু গণতন্ত্র নেই। বিরোধীদল থাকলেও তাদের ভূমিকা নেই। আর গণতন্ত্র না থাকার কারণেই আজ জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না বলেই মনে করেন তিনি।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য মোসাদের চক্রান্ত আবিষ্কার করা হয়েছে। যখনই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কথা জনগণ জানতে চায়, যখনই প্রধানমন্ত্রীর ছেলের একাউন্টে ৩০০ মিলিয়ন ডলারের সন্ধান পাওয়া যায়। তখনই এ চক্রান্তের কথা বলা হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর নয়পল্টনের ভাসানী ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সামগ্রিক উন্নয়নে শহীদ জিয়ার পরিবারের অবদান শীর্ষক এ আলোচনার আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২০