সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিকে বেইজিংয়ের সমর্থন
শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয়: চীন
-
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও জোর দিয়ে বলেছেন, “সংলাপের দরজা যখন খুলেছে, তখন সেটি আবার বন্ধ করা উচিত নয়।”
বেইজিং থেকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, "চীন সবসময়ই জোর দিয়ে বলে এসেছে যে, সংলাপ ও আলোচনাই একমাত্র সঠিক পথ এবং শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয়।"
মাও নিং বলেন, “যখন সংলাপের দরজা খুলেছে, তখন সেটি আবার বন্ধ করা উচিত নয়। উত্তেজনা কমানোর প্রক্রিয়া জোরদার করা এবং রাজনৈতিক সমাধানের সামগ্রিক দিকনির্দেশনা বজায় রাখা জরুরি। সংলাপ ও আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যেখানে সব পক্ষের বৈধ উদ্বেগ বিবেচনায় নেওয়া হবে।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রেক্ষিতে নৌপরিবহন পথগুলো যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া উচিত, যাতে বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম যৌথভাবে রক্ষা করা যায়।"
তিনি আরও জোর দিয়ে বলেন, "যত দ্রুত সম্ভব একটি ব্যাপক ও টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা যায়।"
চীনের এই বক্তব্য এমন সময় এলো, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।#
পার্সটুডে/এমএআর/২৫