ভারতে সাম্প্রদায়িক সহিংসতা
জাহাঙ্গীরপুরীতে ‘গেরুয়া’র নয়া পরিকল্পনা: ৪০টি গ্রামের মুসলিম নাম বদলাতে চায় বিজেপি
-
দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা
ভারতের দিল্লির জাহাঙ্গীরপুরীতে কথিত অবৈধ স্থাপনায় বুলডোজার অভিযানের পর হিন্দুত্ববাদী বিজেপি এবার দিল্লির গ্রামের মুসলিম নাম পরিবর্তন করার পরিকল্পনা গ্রহণ করেছে।
আজ (রোববার) হিন্দি গণমাধ্যম ‘নবভারত টাইমস’ সূত্রে প্রকাশ, দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা গতকাল (শনিবার) ঘোষণা করেছেন, তার পরিকল্পনা হল, দিল্লির ৪০টি গ্রামের মুসলিম নাম পরিবর্তন করা। তিনি বলেন, তার দল দিল্লির ৪০টি গ্রামের নাম পরিবর্তনের জন্য কেজরিওয়াল সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবে, যা 'দাসত্ব' যুগের প্রতীক। আদেশ গুপ্তা কথিত 'রোহিঙ্গা ও বাংলাদেশিদের' দ্বারা দখলদারির বিরুদ্ধে দলের 'বুলডোজার' অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
আদেশ গুপ্ত বলেন, এই নামগুলো যে দাসত্বের মানসিকতা রেখাঙ্কিত করে তা নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না। আমি অনেক গ্রামবাসীর কাছ থেকে প্রস্তাব পেয়েছি যাতে তারা তাদের গ্রামের নাম পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, বিজেপিশাসিত দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘মুহাম্মাদপুর’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার একটি প্রস্তাব পাস করেছে, কিন্তু দিল্লি সরকার এখনও ওই প্রস্তাব চাপা দিয়ে বসে আছে এবং অনুমোদন দিচ্ছে না। গুপ্তা বলেন, স্থানীয় কাউন্সিলর ভগত সিং টোকাস একটি প্রস্তাব পেশ করেছিলেন যা কর্পোরেশন দ্বারা পাস হয়েছিল এবং শহর পরিকল্পনা বিভাগ গত বছরের ৯ ডিসেম্বর দিল্লির নগর উন্নয়ন বিভাগে সমস্ত গ্রামবাসীর সই সম্বলিত একটি চিঠি পাঠিয়েছিল।
বিজেপি নেতার দাবি, মুহাম্মাদপুর ছাড়াও ৪০ টি গ্রাম রয়েছে যেখানে লোকেরা নাম পরিবর্তন করতে চায়। তিনি বলেন, এই ৪০টি গ্রামের মধ্যে রয়েছে হুমায়ুনপুর, ইউসুফ সরাই, মাসুদপুর, জামরুদপুর, বেগমপুর, সাইদুল আজব, ফতেহপুর বেরি, হাউজ খাস এবং শেখ শরাই ইত্যাদি।
ওই বিষয়ে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) একটি বিবৃতিতে বলেছে, এই ধরনের বিষয়ে দিল্লির একটি 'রাজ্য নামকরণ কর্তৃপক্ষ' রয়েছে। এ ধরনের কোনো প্রস্তাব পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থা যথাযথভাবে পর্যালোচনা করবে এবং পদ্ধতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। ‘আপ’ একটি বিবৃতিতে বলেছে, এটা মনে হচ্ছে যে বিজেপি চায় না যে, সরকার নির্ধারিত পদ্ধতিতে চলুক। বিজেপি গুন্ডামি ও উপদ্রব শুরু করার সুযোগ খুঁজছে বলে মনে হচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতা আদেশ গুপ্তা বলেছেন, রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করছে, তারা এখন 'উন্মুক্ত' হচ্ছে কারণ তাদের ভোটব্যাঙ্কের রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।