প্রধানমন্ত্রীর স্বল্পশিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক, জেল থেকে খোলা চিঠি মণিশের
ভারতের দিল্লির আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন মণিশ শিশোদিয়া। সেখান থেকেই এক খোলা চিঠিতে এ সংক্রান্ত মন্তব্য করেছেন। আজ (শুক্রবার) সেই চিঠি প্রকাশ্যে এনেছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সাবেক উপমুখ্যমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী মণিশ শিশোদিয়ার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী বিজ্ঞানের ভাষা বোঝেন না। তিনি শিক্ষার গুরুত্ব বোঝেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেজরিওয়াল মণিশ শিশোদিয়ার বার্তা উল্লেখ করে বলেন, গত কয়েক বছরে দেশে ৬০ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কারণ, প্রধানমন্ত্রী শিক্ষাটাকে গুরুত্বই দেন না। দেশের উন্নয়নের জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন।
মণিশ শিশোদিয়ার অভিযোগ, 'গোটা বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী ড্রেন থেকে পাওয়া গ্যাস চা বানাতে ব্যবহার করতে বলেছেন। যে বিমানগুলো মেঘের উপর দিয়ে উড়তে পারে, তারা রেডারের নজরদারি এড়িয়ে যায়, প্রধানমন্ত্রীর এ ধরণের মন্তব্যও তাকে হাস্যস্পদ করেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ওকে নিয়ে হাসাহাসি করে।'
আম আদমি পার্টির নেতা মণিশ শিশোদিয়ার মতে, প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য বিপজ্জনক। গোটা বিশ্বের মানুষ জানতে পারেন ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষার অভাব রয়েছে। এমনকী বিজ্ঞানের সাধারণ পাঠটুকুও নেই। তার প্রশ্ন, অল্পশিক্ষিত কোনও প্রধানমন্ত্রী দেশের উচ্চাকাঙ্খী যুবসমাজের স্বপ্ন সফল করতে পারেন কী?
তিনি বলেছেন, গোটা দেশে কমপক্ষে ৬০ হাজার স্কুল এর মধ্যেই বন্ধ হয়ে গেছে। তার মতে, দিল্লির মতো বাকি জায়গাতেও যদি সরকারি স্কুলের মানোন্নয়ন করা হতো, তা হলে অভিভাবকরা বেসরকারি জায়গা থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে সরকারি স্কুলেই পড়াতেন।' চিঠিতে সিসোদিয়ার আরও অভিযোগ, শিক্ষা যে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয় তা স্পষ্ট।
বিজেপি নেতা পরবেশ সাহেব সিং এমপি বলেছেন, আবগারি কেলেঙ্কারির অভিযোগে জেলে বসে কেজরিওয়ালের দুর্নীতিবাজ মন্ত্রী মণিশ সিসোদিয়া প্রধানমন্ত্রী সম্পর্কে চিঠি লিখছেন যার ক্ষমতা সারা বিশ্ব স্বীকার করেছে।
অন্যদিকে, দিল্লিতে বিজেপির মুখপাত্র শঙ্কর কাপুরের দাবি, গত আট বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে ভারত যতটা এগিয়েছে, কংগ্রেসের এক দশকের শাসনে ততটা এগোতে পারেনি। এর পাশাপাশি দুর্নীতির অভিযোগে আম আদমি পার্টির সমালোচনা করেছেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদীর ডিগ্রি সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু গুজরাট হাইকোর্ট জানিয়েছে মোদীর শংসাপত্রের বিস্তারিত তথ্য জানার প্রয়োজন নেই। একইসঙ্গে কেজরিওয়ালের জরিমানাও করা হয়েছিল। সেই ঘটনার জের না মিটিতেই এবার জেল থেকে জাতির উদ্দেশে খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে কটাক্ষ করেছেন মণিশ শিশোদিয়া। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।