কেন্দ্রীয় সরকার নির্লজ্জ-বেহায়া, বাংলার শত্রু : অভিষেক বন্দোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i121694-কেন্দ্রীয়_সরকার_নির্লজ্জ_বেহায়া_বাংলার_শত্রু_অভিষেক_বন্দোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নির্লজ্জ, বেহায়া বলে অভিহিত করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বাংলার শত্রু বলে মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নির্লজ্জ, বেহায়া বলে অভিহিত করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে বাংলার শত্রু বলে মন্তব্য করেছেন।

তিনি আজ (শনিবার) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার ১১ লাখ ৩৬ হাজার মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। বলছে দুর্নীতি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ১১ লাখ ৩৬ হাজারের যে তালিকা রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে পাঠানো হয়েছে তাতে একটাতেও যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তোমাদের টাকা দিতে হবে না। আর আমরাও টাকা চাইব না।’   

অভিষেক বলেন, ‘১১ লাখ ৩৬ হাজার বাড়ির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে যাদের প্রকৃত প্রয়োজন, গরীব মানুষ, যাদের মাথার উপরে ছাদ নেই তাদের বাড়ির জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল। সেটাতে জোর করে প্রায় চার হাজার কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে। রাস্তার টাকা আটকে রেখেছে। আপনারা ভাবতে পারছেন কতটা নির্লজ্জ-বেহায়া হলে কেন্দ্রের সরকার এই ভূমিকা নিতে পারে! এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, এরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, বাংলার শত্রু, আলিপুর দুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, এসসি-এসটি-ওবিসি, চা শ্রমিক, কৃষক সকলের শত্রু।’ 

তিনি বলেন, গায়ের জোরে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। আগামীতে বাংলার বঞ্চনার বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য দিল্লিতে লড়াই-আন্দোলন করা হবে বলেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি জানান।#         

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।