মাথানত করার রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস: অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেছেন, মাথানত করার রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস। আমরা মাথানত করব না।
তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের চোপড়ায় দলীয় এক সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী বিভিন্ন এজেন্সির তৎপরতা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, ‘ইডি-সিবিআই দিয়ে ধমকে-চমকে অন্য রাজনৈতিক দলকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়। তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যায় না। আমাকে তো এত ইডি-সিবিআই নোটিশ পাঠিয়েছে কী করেছে? কাঁচকলা করেছে। যত নোটিশ আসবে আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে, এটাই তৃণমূল কংগ্রেস।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাম মন্দির বা ধর্ম নয়, নিজের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, যে আমার স্বার্থে লড়বে, আমি তাকেই ভোট দেব। যে আমার গ্রামে নল-কল রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, উন্নত মানের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পর্যটন ইত্যাদি নিয়ে লড়বে, আমি তার পাশে দাঁড়াব। তৃণমূল যা কথা দেয়, সেই কথা রাখে, আর নরেন্দ্র মোদী এবং কংগ্রেস দল এরা কথা দিয়ে কথা রাখে না। সে বিজেপি হোক বা ভারতীয় জাতীয় কংগ্রেস হোক। মানুষের এত টাকা যে দিল্লি জোর করে আটকে রেখেছে, বাংলায় কংগ্রেসের দু’জন এমপি আছে। কোনোদিন দেখাতে পারবেন যে, দিল্লিতে গিয়ে বলেছে বাংলার মানুষের টাকা ছাড়ো। কিন্তু আমরা বুক ঠুকে বলছি টাকা আজ না হলে কাল তোমায় ছাড়তে হবে। মানুষ যদি সাথে থাকে কারোর ক্ষমতা নেই, মানুষের টাকা আটকে রাখার’ বলেও কেন্দ্রীয় সরকার সম্পর্কে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।