গাজায় যুদ্ধ বন্ধে ইসরাইলের প্রতি চাপ সৃষ্টি করুন: মোদির প্রতি দিল্লির ইমাম
-
মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা বন্ধে চাপ সৃষ্টি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারি। তিনি বলেছেন, মুসলিম দেশগুলো এ ব্যাপারে ব্যর্থ হয়েছে।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরাইলি সেনা গত ৩ মাস ধরে একনাগাড়ে নৃশংস হামলা চালানোয় এ পর্যন্ত কমপক্ষে ২১ হাজার মানুষ নিহত এবং ৫০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শিশু ও নারী। গাজার ২৩ লাখ জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ গৃহহীন হয়ে পড়েছে।
এমতাবস্থায় গাজায় চলমান যুদ্ধ শেষ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরাইলের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়ে মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারি বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে মুসলিম বিশ্ব তার দায়িত্ব পালন করতে সক্ষম হয়নি। তিনি বলেন, যুদ্ধের কারণে ২১ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি মারা গেছে এবং সেখানে একটি মানবিক সংকট দেখা দিয়েছে।
গতকাল (শুক্রবার) মাওলানা বুখারি এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিন ইস্যুটি এমন একটি স্তরে পৌঁছেছে যেখানে 'দ্বিজাতি তত্ত্বের' ভিত্তিতে জাতিসংঘ, আরব লীগ এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের প্রাসঙ্গিক রেজুলেশন অনুসারে এটির অবিলম্বে স্থায়ী সমাধান প্রয়োজন। এই সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার জন্য বিশ্বের মুসলিম দেশগুলোকে দায়ী করেছেন মাওলানা বুখারি। তিনি বলেন, ‘মুসলিম বিশ্ব এ ব্যাপারে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। মুসলিম বিশ্বের যা করা উচিত তা তারা করছে না, এটা খুবই দুর্ভাগ্যজনক!’
মাওলানা বুখারি বলেন, ‘আমি আশা করি আমাদের দেশের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে যুদ্ধের অবসান ও সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করবেন।’
প্রসঙ্গত, ভারতও গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার কথা বলেছে। ভারত সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এতে ইসরাইল-হামাস সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির পাশাপাশি সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছিল।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/৩০