রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়া ভারতীয় পররাষ্ট্র নীতির ব্যর্থতা: কংগ্রেস
রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়াকে ভারতীয় পররাষ্ট্র নীতির ব্যর্থতা বলে পরিষ্কার ভাষায় অভিযোগ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার ইতিহাসে এই প্রথম পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে দেশটি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের দৃষ্টিতে এটি ভারতীয় পররাষ্ট্রনীতির ব্যর্থতা বলে অভিহিত করেন তিনি।
তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকেই ভারতের নির্ভরযোগ্য বন্ধু ছিল রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যখনই কাশ্মির ইস্যু তোলা হয়েছে ভারতের পক্ষেই থেকেছে রাশিয়া। এ ছাড়া, ভারতের সশস্ত্র বাহিনীর সঙ্গে রুশ সশস্ত্র বাহিনী যৌথ সামরিক মহড়া চালিয়েছে বলে জানান তিনি ।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির বা কথিত স্পর্শকাতর গিলগিট বালতিস্তানে রুশ-পাক যৌথ মহড়া চালানো হচ্ছে না বলে অ্যান্থনির দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি আরো বলেন,ভারতের স্বাধীনতা অর্জনের পর থেকেই কখনোই পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় চালায় নি রাশিয়া। এ কারণেই পাকিস্তানের সঙ্গে চলমান মহড়াকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি।
এদিকে, কংগ্রেস নেতৃবৃন্দ মনে করেন নরেন্দ্র মোদির সরকার আমেরিকার দিকে ঝুঁকেছে আর এতে রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমেই দূরত্ব সৃষ্টি হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫