লাহোরে সিন্ধু নদী কমিশনের বৈঠকে যোগ দেবে ভারত
আগামী মাসে লাহোরে অনুষ্ঠেয় 'সিন্ধু নদী স্থায়ী কমিশন' বা পিআইসি’র বৈঠকে যোগ দেয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে ভারত। আর এর মধ্যদিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ভারতের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস পাওয়া গেল।
নয়াদিল্লির কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত দুই মাস ধরে চলা কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে ভারত। বিশ্বব্যাংকের কর্মকর্তারা এ ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা নিয়েছে। তাদের উৎসাহব্যঞ্জক ভূমিকার কারণে পাকিস্তান আমন্ত্রণ জানাতে এবং ভারত তা গ্রহণ করতে সম্মত হয়েছে।
বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা গিওরগিয়েভার নয়াদিল্লি সফরের পরই ভারত এ সম্মতি ব্যক্ত করে। নয়াদিল্লি সফরকালে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেঠলির সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিস্টালিনা। জানুয়ারি মাসে পাকিস্তান সফরকালে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাতের কয়েক সপ্তাহ পরই দিল্লি সফর যান তিনি।
গত সেপ্টেম্বরে উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে আলোচনা বর্জনের ঘোষণা দিয়েছিল ভারত।#
পার্সটুডে/মূসা রেজা/৩