ইসরাইলের কাছ থেকে ৩০০ কোটি টাকার ‘স্পাইস বোমা’ কিনছে ভারত
https://parstoday.ir/bn/news/india-i71012-ইসরাইলের_কাছ_থেকে_৩০০_কোটি_টাকার_স্পাইস_বোমা’_কিনছে_ভারত
ভারত ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে একশ’ স্পাইস বোমা কিনছে। গতকাল (বৃহস্পতিবার) ভারতীয় বিমানবাহিনী এ ব্যাপারে তিনশ’ কোটি টাকার চুক্তি সই করেছে। ভারতে নয়া সরকার ক্ষমতায় আসার পরে এটিই প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম চুক্তি।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
জুন ০৭, ২০১৯ ০৯:৩৫ Asia/Dhaka
  • স্পাইস বোমা-২০০০
    স্পাইস বোমা-২০০০

ভারত ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে একশ’ স্পাইস বোমা কিনছে। গতকাল (বৃহস্পতিবার) ভারতীয় বিমানবাহিনী এ ব্যাপারে তিনশ’ কোটি টাকার চুক্তি সই করেছে। ভারতে নয়া সরকার ক্ষমতায় আসার পরে এটিই প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম চুক্তি।

চুক্তি অনুযায়ী ইসরাইল আগামী তিন মাসের মধ্যে অত্যাধুনিক স্পাইস বোমা ভারতকে হস্তান্তর করবে। এরফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি আরও বাড়বে।

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইকের সময় ইহুদিবাদী ইসরাইলের ওই বিধ্বংসী বোমা ব্যবহার করেছিল ভারত।  

আজ (শুক্রবার) গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, এই বোমা ইতোমধ্যেই সুখোই-৩০ এর সঙ্গে পরীক্ষা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মুহাম্মাদ সন্ত্রাসীদের নির্মূল করতে স্পাইস-২০০০ বোমা ব্যবহার করেছিল ভারত। পাকিস্তান সরকারের অবশ্য দাবি, ভারতীয় বিমানবাহিনী তাদের বনভূমিতে গোলাবর্ষণ করেছে।

 মিরাজ-২০০০ জঙ্গিবিমানে স্পাইস বোমা ব্যবহার করেছিল ভারত

স্পাইস বোমার বিশেষত্ব সম্পর্কে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে- এটি খুব সঠিক লক্ষ্যে শত্রুদের ধ্বংস করতে পারে। স্পাইস বোমা-২০০০ খুব সহজেই বাঙ্কার ধ্বংস করতে পারে। এটিতে ওয়ারহেড ব্যবহার করে সহজেই ভবন ধ্বংস করাও যায়।

এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ (শুক্রবার) রেডিও তেহরানকে বলেন, ‘বোমা দিয়ে কারও পেট ভরবে না। তবে এটা করা হয় যুদ্ধ জিগির জাগিয়ে তুলে অনেক বেশি টাকা নিজেদের পকেটে ভরতে। ফলে, এদের উপরে ভরসা করা যায় না। এরা উগ্রজাতীয়তাবাদী হলে সেনাদের কফিন নিয়ে দুর্নীতি করত না। এরা জাতীয়বাদী হলে, জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় যে ৪২ জন জওয়ান নিহত হয়েছিলেন সেই ঘটনার তদন্ত হতো। একটা সামান্য বোমা পড়লেও তদন্ত হয়। কিন্তু পুলওয়ামার ঘটনার কোনও তদন্ত কমিশন হয়নি।’

ড. ইমানুল হক

তিনি ভারতে ক্ষমতাসীন বিজেপিকে টার্গেট করে ড. ইমানুল হক বলেন, ‘এরা হচ্ছে উগ্র ক্ষমতান্ধ দল। যারা ক্ষমতার ও অর্থের জন্য ধর্মকে  জাতিসত্ত্বার আবেগকে  ব্যবহার করে। ইসরাইলের যে বর্তমান শাসক শ্রেণি তাদের সঙ্গে এদের প্রায় খাপে খাপে মিলে যায়। অতীতে এই বোমা নাকি বালাকোটে ফেলা হয়েছে। কিন্তু তা যে বিশেষ কার্যকর হয়নি তা প্রমাণিত। কারণ ১১ টা পাইন গাছ ও একটি কাক ছাড়া মৃত আর কিছুর চিহ্ন পাওয়া যায়নি।’

স্পাইস-২০০০ সঠিক নির্দেশিত বোমা যা জিপিএস গাইডেন্স কিটের সাথে লাগানো হয় এবং এরফলে পতনশীল বোমাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। এটি সাধারণত ৬০ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে। হিসাব কষে নির্দিষ্ট লক্ষ্যে বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে এই বোমার বিকল্প নেই। এর পাশাপাশি ইলেক্ট্রো-অপকিক্যাল ইমেজও ধরা পড়ে ক্যামেরায়।

কয়েক বছর আগে ভারত ইসরাইল থেকে স্পাইস-২০০০ স্মার্ট বোমার প্রায় ২০০টি ইউনিট কিনেছিল।

গণমাধ্যমের সূত্র মতে, জরুরিভিত্তিতে ওই বোমা কেনা হচ্ছে। যেকোনোভাবেই চলতি বছরের মধ্যে এই কেনাবেচা সম্পন্ন করতে চায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৭