করোনার ছোবলে স্থগিত হয়ে গেল আইপিএল
https://parstoday.ir/bn/news/india-i91122-করোনার_ছোবলে_স্থগিত_হয়ে_গেল_আইপিএল
একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৪, ২০২১ ১০:৫৫ Asia/Dhaka
  • করোনার ছোবলে স্থগিত হয়ে গেল আইপিএল

একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, আইপিএলের গর্ভনিং কাউন্সিল ও বিসিসিআই আপত্কালীন বৈঠকে সর্বসম্মতভাবে অবিলম্বে আইপিএল ২০২১ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।'

অন্যদিকে আইপিএল গভর্নিং কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই খেলোয়াড়, কর্মী আর আইপিএল আয়োজনে জড়িত অন্যান্য অংশগ্রহণকারীদের সুরক্ষার সঙ্গে কোনও আপস করতে চায় না। এই অংশীদারদের সকলের নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এর আগে আইপিএলের সভাপতি ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আইপিএল-সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার কথা বিবেচনা করেই স্থগিত করা হয়েছে আইপিএল। আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা অবশ্য জানিয়েছেন, এবারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।"

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একাধিক ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে রাজি নন বলে জানা গেছে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাই সুপার কিংস ইতোমধ্যেই ছয় দিনের জন্য কঠোর কোয়ারেন্টিনে আছে।

বাকি চার ফ্র্যাঞ্চাইজির (রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস) মধ্যেও যে এর মধ্যে কেউ কোভিড পজিটিভ হননি, সে নিশ্চয়তা নেই। তাই সন্দেহের সেই দোলাচলা না গিয়েই আইপিএল স্থগিত ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫