শ্রোতাদের মতামত
রংধনু আসর: আল্লাহ প্রেমের অমৃত সুধা পানে উৎফুল্লিত সবার মন
মহাশয়, সালাম ও শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি নেটওয়ার্ক সমস্যার কারণে রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান শুনতে বেশ কষ্ট হচ্ছ। তাই লাইভ অনুষ্ঠান শুনে তাৎক্ষণিক মতামতও দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও দেরিতে হলেও অনুষ্ঠান শুনছি ও মতামত জানানোর চেষ্টা করছি।
৯ ডিসেম্বর রেডিও তেহরান বাংলার সকল আয়োজন দারুণভাবে উপভোগ করেছি। যদিও ওইদিন সবার মনকাড়া ও উপভোগ্য অনুষ্ঠানটি ছিল রংধনু আসর। যা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতের অধিবেশনে যথারীতি প্রচারিত হয়।
যদিও অনুষ্ঠানটি শিশু-কিশোরদের মনোরঞ্জন দেবার জন্য প্রচারিত হয় তবুও বড়দের জন্য ও অনেক শিক্ষণীয় বিষয় এবং উপদেশ রয়েছে। তাই এ অনুষ্ঠানে বাড়তি শ্রোতার সমাবেশ ঘটে।
এ সপ্তাহের অনুষ্ঠানটিও প্রযোজনা ও গ্রন্থনা করেছেন সম্মানীয় আশরাফুর রহমান ভাই ও পরিবেশনায় ছিলেন আকতার জাহান ও নাসির মাহমুদ ভাই। দুজনের সুন্দর উপস্থাপনায় ইসলাম ধর্মের সুন্দর একটি প্রাচীন কাহিনী অর্থাৎ হযরত মূসা (আ.) ও এক মেষ পালকের আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তির পরাকাষ্ঠার কথা দারুণভাবে উপভোগ করলাম।
মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণ করা মহান পাঁচজন রাসুলের অন্যতম বণী ইসরাইলদের নবী যাঁর নাম পবিত্র কুরআনে সর্বাধিক ১৩৬ বার উল্লেখ করা হয়েছে; যিনি তুর পাহাড়ে আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন সেই মহান নবী হজরত মূসা (আ.) ও এক মেষ পালককে যেভাবে আল্লাহর প্রার্থনা করতে দেখে নারাজ, মেষ পালকের অন্তর্ধান, মেষ পালক সম্পর্কে আল্লাহর ওহী, মূসা (আ.)-এর পুনরায় সাক্ষাৎ, মূসা (আ.)-এর ধারণা ভুল সম্পর্কে অবগত ও মেষ পালককে তার মর্জিমতো আল্লাহ ইবাদত-এর অনুরোধসহ সম্পূর্ণ কাহিনীটি ছিল আল্লাহ প্রেমের গভীর নিদর্শন। ভয়, ভক্তি ও আল্লাহকে ভালোবাসার যে পরাকাষ্ঠা মেষ পালক দেখিয়েছে তাহার অতুলনীয় উপস্থাপন।
আল্লাহর প্রতি প্রেম, দাসত্ব ও কতখানি ভালোবাসা থাকলে একজন বান্দা আল্লাহকে এতো আপন করে নিতে পারে, আল্লাহ যদিও কারো মুখাপেক্ষী নন তবুও আল্লাহর সকল কাজ করে দেবার অন্তর থেকে ইচ্ছা প্রকাশ করত পারে, তাঁর সুন্দর নিদর্শন ওই মেষ পালক। খালেস নিয়তে আল্লাহকে যে নামেই ডাকা হোক না কেন আল্লাহ তাঁর ডাকে সাড়া দেন। আল্লাহ ভক্তর অধীন। আল্লাহ তায়ালাকে, কে কী নামে ডাকছে তা দেখেন না। দেখেন বান্দার অন্তর। আর সে অন্তরে কতো ভয় ও মহব্বত রয়েছে তাহা দেখেন, আর দেখেন খোদাভীরুতা।
সুন্দর কাহিনীটি শুনে বেশ ভালো লাগল এবং অনেক উপদেশ পেলাম। আল্লাহ যেন আমাদেরকে মেষ পালক-এর মতো সদা আল্লাহর নামে মশুল থাকতে ও তাঁর দিদার লাভে ধন্য করেন এই আশা করছি।
অনুষ্ঠান-এর শেষ আকর্ষণ ছিল শিল্পী আব্দুস সালাম-এর রচিত শিশু-কিশোরদের পরিবেশিত ইসলামী গান "আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন"-শীর্ষক গান ও বেগম সুফিয়া কামাল বিরচিত কবিতা ‘মোনাজাত’ আবৃত্তি দারুণভাবে উপভোগ করলাম।
আজকের সুন্দর অনবদ্য সাবলীল উপদেশ পূর্ণ, ভক্তির পরাকাষ্ঠা সম্পন্ন ইসলামের আলোকে আলোকিত ব্যক্তিত্বের কাহিনী শুনিয়ে আল্লাহ প্রেমের সুধা পান করার অপূর্ব সুযোগ করে দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।