আঞ্চলিক দেশগুলোকে কড়া বার্তা দিল ইরান
-
বাকায়ি
পার্সটুডে—ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় সহযোগিতার দায়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোকে জবাবদিহির আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সেন্টকমের কমান্ডারের বক্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করে বলেন, সেখানে স্পষ্টভাবে দাবি করা হয়েছে যে, পিজিসিসিভুক্ত ৫টি দেশ এবং জর্ডান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করেছে।
তিনি লেখেন, "সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার প্রকাশ্যে এসব নাম উল্লেখ করে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক আগ্রাসনে অংশ নিয়েছে। যদি এই দাবি মিথ্যা হয়, তাহলে সংশ্লিষ্ট সরকারগুলোকে আনুষ্ঠানিক ও স্পষ্টভাবে তা অস্বীকার করা উচিত।"
বাকায়ি আরও বলেন, এমন পরিস্থিতিতে ইরান যদি আত্মরক্ষার বৈধ ও স্বীকৃত অধিকারের ভিত্তিতে এসব দেশের ভূখণ্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সহায়ক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে, তাহলে "ইরান কেন এমন পদক্ষেপ নিল?"—এই প্রশ্নের কোনো যৌক্তিকতা থাকে না।
তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতা ও সংঘাতের মূল উৎস হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। এই আগ্রাসনে যে কোনো ধরনের সহযোগিতা—বিশেষ করে সামরিক অভিযানের জন্য অবকাঠামো বা সুবিধা প্রদান—জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত ‘আগ্রাসনের সংজ্ঞা’ অনুযায়ী আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয় এবং এটি সুপ্রতিবেশী সম্পর্কের নীতি ও জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারার পরিপন্থী।
বাকায়ি জোর দিয়ে বলেন, ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপের উদ্দেশ্য সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা।#
পার্সটুডে/এস এ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।