আমেরিকার কথিত ‘ছাড়ের’ মূল্য ইরানের কাছে কখনোই ছিল না: মুসাভি
https://parstoday.ir/bn/news/iran-i69781-আমেরিকার_কথিত_ছাড়ের’_মূল্য_ইরানের_কাছে_কখনোই_ছিল_না_মুসাভি
ইরানের তেল কেনার ব্যাপারে বিশ্বের আট দেশকে দেয়া ছাড় প্রত্যাহারের যে ঘোষণা আমেরিকা দিয়েছে তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরান বিরোধী নিষেধাজ্ঞাকে ‘সম্পূর্ণ অবৈধ’ আখ্যায়িত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা এতদিন ধরে কথিত ‘ছাড় দেয়া’র যে কথা বলে এসেছিল তার কোনো মূল্য ইরানের কাছে কখনোই ছিল না এবং এখনও নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৯ ০২:১৩ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানির একটি বন্দর (ফাইল ছবি)
    পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানির একটি বন্দর (ফাইল ছবি)

ইরানের তেল কেনার ব্যাপারে বিশ্বের আট দেশকে দেয়া ছাড় প্রত্যাহারের যে ঘোষণা আমেরিকা দিয়েছে তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরান বিরোধী নিষেধাজ্ঞাকে ‘সম্পূর্ণ অবৈধ’ আখ্যায়িত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা এতদিন ধরে কথিত ‘ছাড় দেয়া’র যে কথা বলে এসেছিল তার কোনো মূল্য ইরানের কাছে কখনোই ছিল না এবং এখনও নেই।

মার্কিন সরকার গত বছরের নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও আটটি দেশকে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ছয় মাসের জন্য ছাড় দেয়। গতকাল ওয়াশিংটন ঘোষণা করেছে, আগামী ২ মে ছয় মাসের সে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করা হবে না। অর্থাৎ আমেরিকার দৃষ্টিতে এখন থেকে বিশ্বের কোনো দেশ আর ইরানের কাছ থেকে তেল আমদানি করতে পারবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মার্কিন সরকারের এ ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আরো বলেন, বিষয়টি নিয়ে তেহরান তার আন্তর্জাতিক শরীকদের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এবং এ সংক্রান্ত ফলাফল শিগগিরই ঘোষণা করা হবে।

যে আটটি দেশকে ইরানের কাছ থেকে তেল আমদানির ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছিল সেগুলো হচ্ছে- চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইতালি, গ্রিস ও তাইওয়ান। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৩